চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজন রেলকর্মীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম হেডকোয়ার্টারের ট্রেন গার্ড সোহেল রানা, টি নম্বর–৫৩০–এর লোকোমাস্টার গোলাম রসুল, টি নম্বর–৭২৩–এর সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)।
গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার–১ এবং বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারান তিনজন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র দুই বছর বয়সী এক শিশু।
প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার সময় সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকায় সেখানে যানজট সৃষ্টি হয়। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে এগিয়ে আসে। প্রচলিত নিয়ম অনুযায়ী, লাইনম্যানের সংকেত পাওয়ার পরই ট্রেন সেতুতে উঠতে পারে; কিন্তু চালক সেই নিয়ম না মেনেই সেতুতে প্রবেশ করেন। ফলে সেতুর ওপর থাকা একটি অটোরিকশা, একটি মাইক্রোবাস এবং কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ঈদে চোরাশিকার ঠেকাতে মাঠে বন বিভাগ, ছুটি বাতিল ৩১ ইউনিটের
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে: আসিফ মাহমুদ