কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ড্রোনের সহায়তায় গহীন পাহাড় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-১৫। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধাররা হলেন— টেকনাফ হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা এলাকার মো. শামসু আলম (৩৫), উখিয়ার রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ জুবায়ের (৩৫), আলী জোহার (৫০), নজিম উল্লাহ (২০) এবং মোহাম্মদ সেলিম (২৬)।
র্যাব-১৫-এর হোয়াইক্যং সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়া যাওয়ার পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে একদল ডাকাত একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালকসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পর র্যাব টানা দুই দিন পুলিশ ও বন বিভাগের সহায়তায় ড্রোন ব্যবহার করে পাহাড়ে অভিযান চালায়। পরে অপহৃতদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহৃতদের সঙ্গে থাকা মানিব্যাগ ও তাতে থাকা অর্থও উদ্ধার করা হয়েছে।
মেজর নাজমুল আরও জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়কটি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এবং এখানে নিয়মিত অপহরণের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে স্থানীয় ও রোহিঙ্গা অপহরণকারী চক্র জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব চক্রকে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৫১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ উদযাপন করেছেন ঈদুল আজহা
লন্ডন পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান