নির্বাচনের সময়সূচি ঘোষণায় জাতি হতাশ: মির্জা ফখরুল

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৬:৫৬ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জাতির মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

আজ শুক্রবার দিবাগত রাতে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বারবার বলেছে, দ্রুত নির্বাচনের প্রয়োজন। আমরা আশা করেছিলাম, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ড. মুহাম্মদ ইউনূস সেই তারিখ ঘোষণা করবেন। কিন্তু এপ্রিলে নির্বাচন হওয়ার ঘোষণা শুধু বিএনপিকেই নয়, গোটা জাতিকেই হতাশ করেছে।’

এর কয়েক ঘণ্টা আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে।

উল্লেখ্য, চোখের জরুরি চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। গত ১২ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ব্যাংককের উদ্দেশে রওনা হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত