ইউক্রেনের খারকিভে বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৩

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে সবচেয়ে বড় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৬ জুন) রাতে রুশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এ শহরে হামলায় তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

শহরটির মেয়র ইহোর তেরেখভ এ তথ্য জানিয়েছেন। শনিবার সকালে টেলিগ্রাম বার্তায় তেরেখভ বলেন, ‘পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর খারকিভ বর্তমানে সবচেয়ে শক্তিশালী হামলার সম্মুখীন হচ্ছে।

রাতভর শহরটিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রুশ সেনারা একযোগে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তেরেখভ বলেন, বহুতল ও বেসরকারি আবাসিক ভবন, শিক্ষা ও অবকাঠামোগত স্থাপনায় হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে পুড়ে যাওয়া ও আংশিক ধ্বংস হওয়া বাড়িঘর ও যানবাহন এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া ও ধ্বংসস্তূপ সরিয়ে ফেলতে দেখা গেছে।

খারকিভের গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, শহরের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ৪০টি ড্রোন, একটি ক্ষেপণাস্ত্র ও চারটি বোমা হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ২০৬টি ড্রোন, দুটি ব্যালিস্টিক এবং সাতটি অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তারা বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ৮৭টি ড্রোন ভূপাতিত করেছে এবং আরও ৮০টি ড্রোন হারিয়ে গেছে। সেনাবাহিনী জানিয়েছে, ১০টি স্থানে এ হামলা চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত