আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে সংশয় রয়েছে

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য মত দিলেও যাদের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে, তাদের প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে।

আজ রবিবার (৮ জুন) সকালে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে। কেননা, এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না। এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে সম্ভব হবে না। ফলে এ সময়ে নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কী কারণ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, দেশের সিংহভাগ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমার মতে সেটা ৯০ শতাংশ। তাহলে কার স্বার্থে এপ্রিলে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্নের উদ্রেক করে বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত