আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:১৮ এএম

ঢাকায় বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

গত ৪ জুন (বুধবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি হওয়া একটি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হলেও বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল রবিবার (৮ জুন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়বে বাংলাদেশ সচিবালয়, যমুনা ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড এলাকা।

এর আগে, গত ১৫ মে প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর নয়টি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। ওই সিদ্ধান্তেও একই আইনি ধারা ব্যবহার করে বলা হয়, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্ট চত্বরের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের বিক্ষোভ ও জমায়েত নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া গত ১৩ মার্চ সচিবালয় ও যমুনা ভবনের আশপাশে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ডিএমপি। পরবর্তীতে ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে ঢাকা সেনানিবাস এবং আশপাশের এলাকাগুলোকেও সভা-সমাবেশমুক্ত ঘোষণা করা হয়। এতে কচুক্ষেত সড়ক, বিজয় সরণি, বীরশ্রেষ্ঠ জাহাংগীর গেট, মহাখালী ফ্লাইওভার, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর প্রভৃতি এলাকায় গণজমায়েত নিষিদ্ধ করা হয়।

বিভিন্ন দাবিদাওয়া আদায়ে হঠাৎ করে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করতে সংশ্লিষ্টদের প্রতি আবারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত