বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় এলিট ফোর্স সোয়াট

আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:৪৫ এএম

গত বুধবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ফিফা প্রীতি ম্যাচে ঘটে যাওয়া বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে কারণে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে থাকছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

প্রায় ৫৫ মাস পর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় ফুটবলপ্রেমীদের মধ্যে বিপুল আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটিতে মাঠের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে পুলিশের এলিট ইউনিট সোয়াট। এর আগে আজ সোমবার বেলা ১১টায় স্টেডিয়ামে মহড়া দেবেন সোয়াট সদস্যরা। বাফুফে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ফিফা প্রীতি ম্যাচে অনেক দর্শক টিকিট হাতে নিয়েও স্টেডিয়ামে ঢুকতে পারছিলেন না। শেষমেশ অধৈর্য হয়ে পূর্ব গ্যালারির গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন অনেকে। শুধু তাই নয়, গ্যালারি পেরিয়ে মাঠে ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। একজন তো ম্যাচের সময়ই বাংলাদেশ দলের ডাগআউটে ছুটে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন।

সব মিলিয়ে ভুটান ম্যাচের পুরোটা সময় ছিল চরম বিশৃঙ্খলা। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফিফার পক্ষ থেকে শাস্তির আশঙ্কা করছে বাফুফে। এর আগেও বসুন্ধরা কিংস অ্যারেনায় বিভিন্ন ম্যাচে দর্শক অনিয়মের কারণে আর্থিক জরিমানা গুনতে হয়েছে বাফুফেকে। বড় ধরনের অব্যবস্থাপনা বা নিরাপত্তা ঘাটতির পুনরাবৃত্তি যেন না আর ঘটে, সেই লক্ষ্যে অতিরিক্ত জনবল ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত