কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকাডুবে বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিবের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় গতকাল রবিবার অন্টারিওর লিনজি শহরের একটি হ্রদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নৌকা ভ্রমণের সময় পানিতে তলিয়ে গিয়ে তাঁরা প্রাণ হারান।
জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও কন্যাকে নিয়ে স্থানীয় সময় শনিবার (৭ জুন) ঢাকা থেকে টরন্টো পৌঁছান। গতকাল রবিবার তাঁরা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিনজি শহরের একটি কটেজে ওঠেন। দুপুরে সাইফুজ্জামান, তাঁর বন্ধু আব্দুল্লা হিল রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে যান। এ সময় হ্রদের পাড়ে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও শিশু কন্যা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।
নৌকাটি হঠাৎ উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে নিরাপদে তীরে পৌঁছালেও বাকিরা স্রোতের টানে নিখোঁজ হন। পরে উদ্ধারকর্মীরা হ্রদ থেকে সাইফুজ্জামান ও রাকিবের মৃতদেহ উদ্ধার করেন।
সাইফুজ্জামানের আত্মীয়া ও কানাডার মিসিসাগা শহরে বসবাসরত ফাহমিদা টনি বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুজ্জামান ছিলেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ এক পাইলট।
অন্যদিকে অন্টারিও প্রাদেশিক পুলিশ এক বিবৃতিতে জানায়, রবিবার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে তিনজন পুরুষ একটি নৌকায় ছিলেন। তাঁদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, অন্য দুজনের মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, নৌকায় থাকা তিনজনের কারো শরীরেই সে সময় কোনো লাইফ-জ্যাকেট ছিল না।
সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
শুরু থেকেই প্রচণ্ড চাপ অনুভব করছিলেন সারা