নির্মাতা জসীম আহমেদের বাড়ি দখলের চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চলচ্চিত্র নির্মাতা ও লেখক জসীম আহমেদের পৈত্রিক বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহানুর, যিনি জসীম আহমেদের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) শান্তিগঞ্জ থানাধীন বসিয়া খাউরি গ্রামে জসীম আহমেদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে শাহানুর। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে ধারালো অস্ত্রসহ তিনি দলবল নিয়ে হামলা চালান। জসীম আহমেদ ও তার পরিবারের অনুপস্থিতিতে তাদের পৈতৃক ভিটা দখলের চেষ্টায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্য তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই শাহানুর এ জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন।

শান্তিগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ‘এই হামলার মূল পরিকল্পনাকারী শাহানুরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, এ ঘটনায় রুপজ আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত