সিঙ্গাপুরের বিপক্ষে হতাশাজনক হারের পর যেন বিষাদের ছায়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপর। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ ছিল দর্শকে, গলা ফাটিয়ে সমর্থন দিয়েছিল তারা। কিন্তু ফল আশানুরূপ হয়নি। এমন মুহূর্তে আবেগ ছুঁয়ে গেল রাকিব হোসেনের সরি আর শমিত সোমের প্রত্যয়ের বার্তা।
ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশনে ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন—"আসলে এটা আমরা আশা করি নাই, আমি সরি বলতে চাই তাদেরকে যারা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদেরকে পুরো ৯০ মিনিট সাপোর্ট দিয়েছেন। আমাদের জন্য গলা ফাটিয়েছেন। আমি আবারো আমাদের দর্শকদের কাছে সরি বলতে চাই, তাদের জন্য আজ যা করা দরকার ছিল তা আমরা করতে পারি নি। আশা করি আমরা সামনের ম্যাচে কামব্যাক করবো। এবং আজকের মতো সবাই আমাদেরকে সাপোর্ট করবে।"
জাত স্ট্রাইকার নন রাকিব, কিন্তু কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে খেলিয়েছিলেন ফলস নাইনে। কাঙ্ক্ষিত ফল না আসলেও রাকিবের কণ্ঠে ছিল দায় স্বীকার আর ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। তিনি আরও বলেন,
"দর্শকের ভালোবাসা কখনো কল্পনা করিনি এতটা হবে। এই ভালোবাসাই আমাদের শক্তি হয়ে থাকবে পরের ম্যাচের জন্য।"
রাকিবের এই আবেগঘন বক্তব্যের রেশ কাটেনি এখনও, এর মধ্যেই ফেসবুকে এক ছোট্ট কিন্তু গভীর পোস্ট দিয়েছেন মিডফিল্ডার শমিত সোম—
"Pain today, power tomorrow."
তাঁর এই চার শব্দ যেন পুরো দলের মানসিক অবস্থা একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। হারের কষ্টের মধ্যেও যেন জেগে আছে সম্ভাবনার শক্তি, ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা।
এশিয়ান কাপ বাছাইপর্বে এখন বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিন নম্বরে। সবার ওপরে সিঙ্গাপুর, দুইয়ে হংকং, নিচে ভারত। সামনে অক্টোবরের দুইটি হাইভোল্টেজ ম্যাচ—একটি দেশের মাঠে, আরেকটি হংকংয়ে। এই দুই ম্যাচই ঠিক করে দেবে বাংলাদেশ কতটা এগোতে পারবে।
