মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার স্ত্রী সুবর্ণা আক্তার (১৮) নিহত হয়েছেন। নিহত সুবর্ণা আক্তার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকার আরিফ হোসেনের স্ত্রী। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরিফ হোসেন (২২) ও প্রতিবেশী কাওছারের স্ত্রী জোসনা আক্তার (৩৩)। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মধ্য চারিগ্রামে বাড়ির রান্নাঘরে মাটির চুলার পাশে রাখা বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিলেন আরিফ হোসেন। পাশে মাটির চুলায় স্ত্রী সুবর্ণা আক্তার রান্না করছিলেন। এ সময় অতিরিক্ত গরমে হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সুবর্ণার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন আরিফ ও তার প্রতিবেশী জোসনা আক্তার। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুবর্ণা আক্তারকে মৃত ঘোষণা করেন। আরিফকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। জোসনা আক্তার সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
