কুষ্টিয়ার ইবি থানাধীন মধুপুর গ্রামে দাম্পত্য কলহের কারনে কন্যাকে ছাড়িয়ে নেয়ার জেরে বাবাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর কুষ্টিয়া উপজেলার মধুপুর গোহাট বাজারে চায়ের দোকানে চা পান করতে গেলে স্থানীয় বাসিন্দা মো. টুটুল হোসেন (৫৫) নামে ওই ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করে বলে নিশ্চিত করেছে ইবি থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, টুটুল চা পান করার উদ্দেশ্যে বাজারে এসে জনৈক শওকতের চা দোকানে বসে। এই সময় ২টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে তাকে উদ্দেশ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
নিহত টুটুল হোসেন (৫৫) মধুপুর গ্রাামের স্থানীয় বাসিন্দা মৃত তোরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে জীবন শেষ করে এক বছর আগে দেশে ফিরে একটি মুদি দোকানসহ কলার ব্যবসা শুরু করেন। তার তিন সন্তানের মধ্যে একমাত্র কন্যা টুম্পা খাতুন (২১) এর ৬ বছর আগে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মীর মামুনের ছেলে ইমরান হোসেনের (২৮) সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে রয়েছে। তবে তাদের স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দাম্পত্য কলহের কারণে বিয়ের ২ বছর পর টুম্পা খাতুন তার স্বামী ইমরানকে ডিভোর্স দেয়।
টুম্পা জানান, আমার দেয়া ডিভোর্স ইমরান মেনে না নিয়ে প্রায়ই আমার বাপের বাড়িতে আসা যাওয়া করতো তার সন্তানকে দেখার নাম করে। এক পর্যায়ে ইমরান আমাকে পূন:রায় বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু ইমরানের এই প্রস্তাব আমাদের পরিবারের কাছে গ্রহনযোগ্য না হওয়ায় তার প্রস্তাবকে নাকচ করে দেয় আমার বাবা টুটুল হোসেন। একপর্যায়ে আমার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।
এবিষয়ে কুষ্টিয়া জেলা নাগরিক অধিকার পরিষদের নেতা দাবিকারী মীর ইমরান হোসেনের মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বাজারে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ওয়ান শুটার গান ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
টুটুল হোসেনে মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে এবং একজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন প্রেস সচিব