নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের ওপর নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লক স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলাম।
বুধবার (১১ জুন) দুপুরের উপজেলার চরএলাহী বাজারের কাছে নদীভাঙন কবলিত এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন।
এদিন বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদীভাঙন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনি নদীভাঙন কবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীভাঙনের কবলে পড়ে সর্বস্বান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদীভাঙন রোধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
জামায়াত নেতা বেলায়েত হোসেন, নদীভাঙন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদীভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবি জানান।
উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময়সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।
