লর্ডসে নার্ভের লড়াই: চালকের আসনে থেকেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

টানা দ্বিতীয় দিনের মতো লর্ডসের বাইশ গজে রাজত্ব করলেন বোলাররা। আবারও ১৪ উইকেটের পতনের মধ্য দিয়ে শেষ হলো আরো একটি রোমাঞ্চকর দিন, যেখানে ২১৮ রানের লিড নিয়েও স্নায়ুচাপে ভুগছে অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের মধ্যাহ্নে মনে হচ্ছিলো, শিরোপাটা প্রায় এক হাতে ধরেই ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৭৪ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে তারা ছিল চালকের আসনে। কিন্তু পরের দুই ঘন্টায় দক্ষিণ আফ্রিকা তাদের সর্বশক্তি দিয়ে অজিদের সেই হাতের মুঠো আলগা করার চেষ্টা চালায়। এরপর অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের ৬১ রানের অষ্টম উইকেট জুটি অজিদের ম্যাচে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা করে। সবমিলিয়ে, রুদ্ধশ্বাস একটি দিনের শেষে শিরোপা থেকে কয়েক আঙুল দূরে থাকলেও পুরোপুরি স্বস্তিতে নেই প্যাট কামিন্সের দল।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পিচ ব্যাটিং সহায়ক মনে হলেও, এটি ছিল বোলারদের দিন। প্রথম দিনের মতো আজও ১৪টি উইকেটের পতন ঘটে, অর্থাৎ দুই দিনে মোট ছয় সেশনে পড়েছে ২৮টি উইকেট।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ের (৬/২৮) সামনে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন বেডিংহাম।

৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা (৩/৪৪) এবং লুঙ্গি এনগিডির (৩/৩৫) তোপের মুখে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। সেখান থেকে অ্যালেক্স ক্যারির ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৪ রান।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার লিড ২১৮ রানের। ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন এবং প্যাট কামিন্স। ম্যাচের যা পরিস্থিতি, তাতে তৃতীয় দিনে যে আরও একটি রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।

স্কোরকার্ড:

অস্ট্রেলিয়া: ২১২ (ওয়েবস্টার ৭২, স্মিথ ৬৬; রাবাদা ৫-৫১, ইয়ানসেন ৩-৪৯) এবং ১৪৪/৮ (ক্যারি ৪৩; এনগিডি ৩-৩৫, রাবাদা ৩-৪৪)

দক্ষিণ আফ্রিকা: ১৩৮ (বেডিংহাম ৪৫; কামিন্স ৬-২৮)

অস্ট্রেলিয়া ২১৮ রানে এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত