কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:৫২ এএম

লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস থ্রি হারমোনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

এই পুরস্কারের মাধ্যমে ইউনূসের অনন্য অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে—তিনি মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সহাবস্থানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় সক্রিয় ভূমিকা রেখেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন এনে তিনি কেবল উন্নয়নেই থেমে থাকেননি, পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস বলেন, “এটি একটি অসাধারণ সম্মাননা।” তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য মহামান্য রাজাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

তাঁর ভাষ্য অনুযায়ী, “এই পুরস্কার আমাদের সেই কাজের স্বীকৃতি, যা আমরা দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে করেছি। রাজা চার্লস যে মূল্যবোধ ধারণ করেন, আমরা ঠিক সেই মূল্যবোধেই বিশ্বাস করি।”

পুরস্কার গ্রহণের মুহূর্তে ইউনূস বলেন, “এটি আমাদের বিশ্বাস ও অবস্থানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অসাধারণ উপায়।” তিনি আশা প্রকাশ করেন, “এই স্বীকৃতি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে—তারা যেন এমন একটি দেশ গড়তে এগিয়ে আসে, যেটা তারা স্বপ্ন দেখে।”

এই আনুষ্ঠানিকতার আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ইউনূস। প্রায় ত্রিশ মিনিট স্থায়ী সেই বৈঠকে তাঁরা দু’জন বিভিন্ন বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন, যা উভয়পক্ষের পারস্পরিক আগ্রহের প্রতিফলন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত