তারেক-ইউনূস বৈঠকে নজর গোটা জাতির

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:১৬ এএম

লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত বৈঠক। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা (বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ৪টা) পর্যন্ত চলবে এই দুই ঘণ্টার বৈঠক। রাজনৈতিক অচলাবস্থা ও জাতীয় নির্বাচনকে ঘিরে এই সাক্ষাৎ ঘিরে দেশে-বিদেশে তৈরি হয়েছে গভীর আগ্রহ ও উত্তেজনা।

বিশ্বকাপে ফাইনাল ম্যাচের মতোই মানুষের আগ্রহ এখন এই ‘লন্ডন বৈঠক’-এ। বিশ্লেষকরা একে বলছেন, ‘রাজনীতির শ্বাসরুদ্ধকর ম্যাচ’। বিএনপি এবং সরকারের মধ্যে চলমান দূরত্ব, জাতীয় নির্বাচন, প্রশাসনিক সংস্কার, আদালতের রায় বাস্তবায়ন, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা, তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কাঠামোসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকটি ‘ওয়ান টু ওয়ান’ এবং রুদ্ধদ্বারভাবে অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকের ফলাফল নির্ভর করছে আলোচনা কতটা এগোয় তার ওপর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও শেষ করা সম্ভব হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আশা করছেন, এই বৈঠক একটি অচলাবস্থার সমাধান নিয়ে আসতে পারে।

গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্নাও আশাবাদী যে, এই আলোচনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রা একটি যৌক্তিক সমাধানের দিকে যাবে।

বৈঠক ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সকাল থেকে হোটেলের সামনে অবস্থান করবেন। বৈঠকের পর দুই পক্ষ থেকেই সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। এছাড়া বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বৈঠক সফল হলে বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করবে, অন্যথায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত