যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডের ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গত বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়তে পারেনি। ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটের যাত্রীরা। পরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বিমানটি ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের মধ্যে অনেকেই রোগী ও তাদের স্বজন। চিকিৎসার জন্য তারা ব্যাংকক যাচ্ছিলেন। এত দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা তাদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
ফ্লাইটের যাত্রীরা জানান, ফ্লাইটটি বুধবার মধ্যরাত ২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। এ জন্য তারা রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। তবে ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার আগে তারা জানতে পারেন যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আপাতত ছাড়ছে না।
ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘গতকাল হঠাৎ আমাদের বলা হলো ফ্লাইট ছাড়ছে না। ফ্লাইটটি ত্রুটি সারিয়ে কখন ছাড়বে সে বিষয়ে কিছু জানায়নি। যোগাযোগের জন্য তিনটি নম্বর দিয়েছে। এর মধ্যে দুটিই বন্ধ। তৃতীয় নম্বরটিও কেউ ধরে না। যে যার মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কোনো নির্দেশনা নেই। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও কর্তৃপক্ষের কেউ সামনে এসে সঠিক তথ্য দেয়নি বা বিকল্প ফ্লাইটের কোনো আশ্বাসও দেয়নি।’
‘ফ্লাইটের অধিকাংশ যাত্রীই চিকিৎসার জন্য যাচ্ছেন। আমিও স্ত্রীর সঙ্গে চিকিৎসার জন্য যাচ্ছি। গতকাল সকাল ১০টায় আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা সেটা মিস করেছি। আমরা তাদের বারবার অনুরোধ করেছি, আমাদের অন্য কোনো ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করে দিতে।
