সারিয়াকান্দি

চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:৩০ পিএম

বগুড়ায় চাকরি দেয়ার প্রলোভনে দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সারিয়াকান্দি উপজেলার জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) সমন্বয়ক সাহীফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান আদালতের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চেয়েছেন। বৃহস্পতিবার তিনি সারিয়াকান্দি থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানা গেছে।

অভিযুক্ত সাহীফুল ইসলাম বুলবুল উপজেলার নারচীর চর গোদাগাড়ী এলাকার বাসিন্দা ও এনসিপির সারিকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী। অপরদিকে ভুক্তভোগী আব্দুল মান্নান একই উপজেলার হাটফুলবাড়ী এলাকার ফুলবাড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা।

সারিয়াকান্দি থানা ও সেনা ক্যাম্পে করা অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে চাকরির প্রলোভনে আব্দুল মান্নানের কাছ থেকে ৭ লাখ টাকা নেন এনসিপি নেতা বুলবুল। চাকরি না হলে এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার শর্তে তিনি জমি ও গরু বিক্রি করে টাকা দেন। পরে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে একটি ব্যাংক চেক দেন এনসিপি নেতা। ব্যাংকে যাওয়ার পর চেক ডিজঅনার হলে বগুড়ার আদালতে অর্থ আত্মসাৎ (প্রতারণা) মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বুলবুল।

ভুক্তভোগী আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, মামলা করার কারণে নিরাপত্তা শঙ্কায় আছি। বুলবুল প্রশাসনে প্রভাবশালী। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে।

এদিকে থানা এবং সেনাবাহিনীর কাছে দেওয়া অভিযোগের সঙ্গে লিগ্যাল নোটিশের তথ্যে গড়মিল থাকায় নানা প্রশ্ন উঠেছে। নোটিশে চাকরি নয়, ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করেন মান্নানের আইনজীবী মো. মাসুদ রানা-২। বলা হয়, বুলবুলের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সাত লাখ টাকা লেনদেন সংক্রান্তে চেক ডিজঅনার হয়েছে।

যদিও টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত এনসিপি নেতা সাহীফুল ইসলাম বুলবুল। তার দাবি, চাকরি প্রলোভনের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন। ধান-চালের চাতাল ব্যবসার অংশীদার হিসেবে তিন লাখ টাকা নিয়ে মান্নানকে একটি চেক দিয়েছিলেন। টাকা দিতে দেরি হওয়ায় সাত লাখ টাকা লিখে তার বিরুদ্ধে মামলা করেছে।

সারিয়াকান্দি থানার ওসি মো. জামিরুল ইসলাম জানান, চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ ও আদালতে মামলা করায় হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, আমাদের সংগঠনে প্রতারক, চাঁদাবাজ, সন্ত্রাস বা অন্যায়কারীর ঠাঁই নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত