হোস্টেল থেকে নারী ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৪৯ এএম

রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন বলে জানা যায়।

গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে হোস্টেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে নিউ মার্কেট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, হোস্টেল কর্তৃপক্ষের খবরে ঘটনাস্থলে গিয়ে সেখানে কক্ষের ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, নিজের পরিহিত ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ছিলেন।

এসআই আরও জানান, ওই নারীর বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকা জেলার দোহারে অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত