মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার জেরে বগুড়ায় বাবা মো. শাকিল আহমেদকে (৩৪) বাড়ি থেকে তুলে নিয়ে যান জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জীতু ইসলাম (৪৫)। এরপর তাকে করতোয়া নদীর ঘাটে পিটিয়ে হত্যা করা হয়। গত শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় শাকিলকে। সন্ধ্যার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । নিহত শাকিল শিববাটি শাহী মসজিদ লেন এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে জীতু ইসলামকে প্রধান আসামি করে মামলা করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত জীতু ইসলামসহ তিন জনকে গ্রেপ্তার করে রবিবার দুপুরের পর আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। জীতু ইসলাম বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ও শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর দুজন জীতু ইসলামের সহযোগী। তারা হলেন, শহরের ফুলবাড়ি এলাকার মো. মতি (৩০) ও শফিকুল হাসান বিপ্লব (৩২)। এদিকে শনিবার রাতে জীতু ইসলামকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পত্রে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত শাকিলের বোন আশা, খালাত বোন জেসি, অন্য স্বজনরা জানান, শাকিলের ৮ম শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল জীতু। এ ঘটনায় শাকিল জিতুকে জানিয়েছিল তার মেয়ে ছোট, আর তার বয়স বেশি। এটা সম্ভব না। শাকিলের পরিবার এতেও রাজি হয়না। শনিবার সকালে জীতু ও তার সহযোগীরা শাকিলকে মারধর করে। সেখান থেকে পালিয়ে বেলা দেড়টায় শিববাটি নিজ বাড়িতে এসে লুকিয়ে থাকে শাকিল। এ সময় জীতু তার দলবল নিয়ে আসে এবং তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় স্বজনদের আশ্বাস দেয় শাকিলের কোনো ক্ষতি হবে না। সে সময় শাকিল যেতে না চাইলেও তাকে জোর করে নিয়ে যায়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, শাকিল হত্যার ঘটনায় জড়িত থাকায় জীতু ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তার দায় দল বহন করবে না।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
