মুন্সীগঞ্জে মাদক মামলায় ৩ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

মুন্সীগঞ্জে একটি মাদক মামলায় ৩ আসামির বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। সোমবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে আসামি রনি খানকে (২৯) ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানার টাকা অনাদায় আরো ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া অপর দুই আসামি হুসাইন বাবু (৩০) ও মো. শাহীন হাওলাদারকে (২৯) ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলো। এসব তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন।

সাঁজাপ্রাপ্ত আসামি রনি খান জেলার শ্রীনগর উপজেলার তিনগাঁও গ্রামের ওয়াহাব খানের ছেলে, হুসাইন বাবু বেলতলী গ্রামের হাজী নুরুল হকের ছেলে ও শাহীন হাওলাদার মাইজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১১ মে শ্রীনগর উপজেলার তিনগাঁও গ্রামের রনি খানের বসত করে মাদক কেনাবেচা হচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় রনি খানের কাছে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট, হোসাইনের কাছে ২৫০ পিস ও শাহীনের কাছে আরো ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এতে সময় ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত