সিলেটে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের মামলায় গ্রেপ্তার ৩

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:২৫ পিএম

সিলেটের জাফলংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১৫ জুন) রাতে সিলেট নগরী ও জেলার গোয়াইনঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু, শ্রমিক দল নেতা মো. শাহজাহান ও ফারুক মিয়া। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন মামলার এজাহারনামীয় আসামি। অন্য দুইজনকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।  

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান গত শনিবার সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের আর কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না। এমন বক্তব্য দিয়ে ফেরার পথে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল নেতাদের নেতৃত্বে একদল লোক সড়কে অবরোধ সৃষ্টি করে উপদেষ্টাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া হয়। 

ঘটনার পর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার ও ছাত্রদলের এক নেতাকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় গত রবিবার রাতে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রবিবার রাতেই অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত