জুলাই-আগস্টে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাত দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা এসেছে। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়ে গতকাল ট্রাইব্যুনালের কাছে পরবর্তী আইনি নির্দেশনার আর্জি জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাতদিনের মধ্যে হাজির হতে একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। একই সঙ্গে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এর আগে গত ১ জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। ওইদিন পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৬ জুন (গতকাল) ধার্য করে আদালত। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।
গতকাল ট্রাইব্যুনালের আদেশ শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেহেতু প্রসিডিউর অনুযায়ী তাদের (শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল) গ্রেপ্তার করা যায়নি সেহেতু আদালত তাদের আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আদালতের এই আদেশটি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছেন।’
এর আগে আদালত অবমাননার অভিযোগের একটি মামলায় ধার্য তারিখে হাজির হয়ে ব্যাখ্যা না দেওয়ায় শেখ হাসিনাকে হাজির হতে একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
