শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে চিফ রিটার্নিং অফিসার করে ১০ সদস্যবিশিষ্ট এ নির্বাচন কমিশন গঠন করা হয়। গতকাল সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
তবে নির্বাচন কবে নাগাদ হতে পারে তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, নির্বাচন কমিশন পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে অতিসত্ত্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এর আগে গত ১৫ এপ্রিল ডাকসুর টাইমলাইন ঘোষণা করা হয়। এরপর ২ মাস পেরিয়ে গেলেও ডাকসুর অগ্রগতি না হওয়ায় বেশ কয়েকবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জাহীদ), বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শারমীন কবীর।
