শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:১১ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না যেটি শেখ হাসিনা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে। যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো।
 
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জিয়া উদ্যানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে না আনা ও প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন সে আভাস আমরা পাচ্ছি। 

রিজভী বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।

তিনি বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে ডা.জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পায়নি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান ডা. জুবাইদা রহমান। তার নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি বিনম্র আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অনন্য একজন মানুষ। তাকেও তারা ছাড় দেয়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুরর রহমান রুমুনসহ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রমুখ। পরে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর সহধর্মিণী, সুনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত