সড়ক দুর্ঘটনা তদন্তে পুলিশের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:৪৫ এএম

সড়ক দুর্ঘটনা তদন্তের দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। দুদিনের এ প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার ঘটনা তদন্তে (ইনভেস্টিগেশনে) আন্তর্জাতিকভাবে স্বীকৃত কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডিএমপির পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সড়কে যানবাহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শহরে আইনশৃঙ্খলা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। আমরা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের অফিস খোলার দিনগুলোতে সড়কে রাজনৈতিক কর্মসূচি পরিহারের অনুরোধ করেছি। কারণ এ ধরনের কর্মসূচি ঢাকা শহরের সব সড়ক ব্যবহারকারীর জন্য দুর্ভোগ নিয়ে আসে। তিনি বলেন, এগুলো করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ঘটনাগুলো তদন্তে পুলিশ পর্যাপ্ত সময় দিতে পারে না। কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সড়ক দুর্ঘটনার তদন্ত করে এর কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করা গেলে, তা ভবিষ্যতে সড়কে মৃত্যু কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার বলেন, চালক, যাত্রী, পথচারীসহ সব সড়ক ব্যবহারকারী যদি নিয়ম মেনে, গতিসীমা মেনে সড়ক ব্যবহার করেন তাহলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। তিনি ডিএমপির ট্রাফিক বিভাগকে সহায়তার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব আলম এ প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় জিআরএপির এশিয়া-প্যাসিফিক ম্যানেজার ব্র্যাট হারম্যান ও সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজর পিটার জোনস, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইজিআরএস কর্মসূচির অংশ হিসেবে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যরত আন্তর্জাতিক নেটওয়ার্ক জিআরএসপি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৬ ও ১৭ জুন দুদিনব্যাপী কর্মশালাটি আয়োজন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত