রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে গুলি চালিয়েছে মাদককারবারিরা। এতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে মেইন রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার আটক করলে তাতে থাকা মাদককারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিক হাসানের পেটের বাম পাশে ও কনস্টেবল সুজনের বাম পায়ে গুলি লাগে।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, দুজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ এবং তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। অভিযানে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধর্ষণ মামলার আসামি নোবেল ও বাদীর বিয়ে করানোর নির্দেশ দিলেন আদালত
ইরান-ইসরায়েল যুদ্ধ এড়াতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ