জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে ইরান

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:১০ পিএম

ইরান-ইসরাইল সংঘাত ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামীকাল শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পক্ষ থেকে বৈঠকের অনুরোধ জানানো হয়। তাদের অভিযোগ, ইসরায়েলের ‘বেআইনি হামলায়’ যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত থাকার প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা গোটা অঞ্চলের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইরানের এই অনুরোধে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। তারা এই হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানাতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নাও আসতে পারে, তবে কূটনৈতিক স্তরে একটি শক্ত বার্তা যাবে বলেই ধারণা করা হচ্ছে।

এর আগে ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দিকে। তারপর থেকেই চলছে পাল্টাপাল্টি আক্রমণ, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই উদ্বেগ বাড়াচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত