চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুট করা অস্ত্রসহ পেশাদার ‘ছিনতাইকারী’ সাইদুর রহমান মাসুম ওরফে ‘ব্লেড মাসুম’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের পাহাড়তলী থানাধীন জেলেপাড়া রানী রাসমণিঘাট ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি ৭.৬২ এমএম পিস্তল, লোড করা ম্যাগাজিনে চার রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, প্রাথমমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে সে অস্ত্র ও গুলি সংগ্রহ করে। এরপর তা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহার করে আসছিল। মাসুম ও তার অজ্ঞাতনামা সহযোগীরা পাহাড়তলী, টোল রোড, পতেঙ্গা সৈকত এবং বন্দর এলাকায় পথচারী, সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, যাত্রী ও পণ্যবাহী গাড়িচালকদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নিত। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির পুরনো একটি মামলাও রয়েছে।
