বিপুল অঙ্কের বকেয়া পৌরকর আদায়ে মালামাল জব্দের অভিযান শুরু করেছে খুলনা সিটি করপোরেশন। বৃহস্পতিবার করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
করপোরেশন জানায়, প্রথম দিনে কেডিএ এভিনিউস্থ মুন্না টাওয়ার, খান জাহান আলী রোডস্থ ৪৭ ও ৫২ নম্বর এবং আহসান আহমেদ রোডস্থ ৪৮/৩ নম্বর হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। অভিযানে কেসিসির কালেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল মাজেদ মোল্যা, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো. ইমরুল হাসান, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো. মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরি ভিত্তিতে পরিশোধের জন্য হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানান তারা।
