বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সময় গত বুধবার (ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে) বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে ল্যান্ডাউ এ প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা সম্পর্কে শুনতে পেরে ভালো লেগেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে, ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডান লিঞ্চের সঙ্গে একটি পৃথক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্কচুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
