বৃষ্টির ধারা থামছে না, গরমও কমছে না তেমন

আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৫৮ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজকের দিনভর তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলে ধারণা করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ জুন বৃষ্টির পরিমাণ বাড়বে আরও, কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

আগামী ২৫ জুন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা আজ থেকে কিছুটা বাড়লেও ২২ জুনের পর আবার হালকা কমে আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ‘ট্রেস’ পরিমাণ বৃষ্টি হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। হাতিয়ায় সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফরিদপুরে ৭৩ মিলিমিটার, কুতুবদিয়ায় ৭৫ মিলিমিটার, ফেনীতে ৬১ মিলিমিটার ও চট্টগ্রাম শহরে বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া ছাতা ছাড়া বাইরে না যেতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত