বাংলাদেশ বিমানবাহিনীর ৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, আরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।
বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার এ কে এম শওকত উল্লাহ সামিও, জিডি (পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর
