জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের সঙ্গে কোনো রাষ্ট্রের প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক, প্রেস ব্রিফিং ও স্টেটমেন্ট নজিরবিহীন এবং সমীচীন নয়। এ ধরনের পদক্ষেপে পক্ষপাতিত্বের আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াত আয়োজিত এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা চাইলে সব দলের সঙ্গে বসে আলোচনা করতে পারতেন। কিন্তু একটি বিশেষ দলের সঙ্গে একক বৈঠক করে তিনি পক্ষপাতিত্বের বার্তা দিয়েছেন। এ কারণেই আমরা দ্বিতীয় ধাপের আলোচনা বয়কট করেছি এবং স্টেটমেন্ট দিয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি। পরে প্রধান উপদেষ্টা আমিরে জামায়াতকে ফোনে আশ্বস্ত করেছেন যে তিনি নিরপেক্ষভাবে কাজ করছেন এবং কোনো দলের প্রতি অনুরাগী নন। তিনি বলেছেন, আমাকে সময় দিন, আমি প্রমাণ করব যে নিরপেক্ষ নির্বাচন করতে পারি।
