শনিবার ভোরে ইরানের ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘ইরনা’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদন বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষাবাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। এ কারণে ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুদ রাখা স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে।
ইরানের এই পারমাণবিক স্থাপনাটি ২০০৪ সালে নির্মিত হয়। পরে ২০০৯ সালে এই ইস্পাহান কেন্দ্রটিতে একটি পারমাণবিক জ্বালানি প্রস্তুতকারক কারখানা তৈরি করা হয়। বর্তমানে এই পারমাণবিক স্থাপনাটি থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য স্বল্প সমৃদ্ধ জ্বালানি উৎপাদন করা হত। ২০২২ সালে এই কেন্দ্রটিতে নতুন গবেষণা চুল্লী নির্মাণের কথা ঘোষণাও দিয়েছিলো ইরান।
এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের এ হামলার ফলে ইস্পাহানে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়েনি। যদিও এই পারমাণবিক কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কোনো তথ্য জানায়নি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা -আইএইএ।
