ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ এবং জনপ্রতিনিধির সহায়তায় সেই দেয়াল ভাঙাকে কেন্দ্র করে জমির মালিক ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতিতে এলাকাবাসীদের ওপর হামলা করেছে। এ সময় হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে শুক্রবার রাতে শিমুলিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ এবং জহিরুল ইসলাম। তারা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত দীর্ঘদিনের একটি চলাচলের রাস্তায় সম্প্রতি দেয়াল নির্মাণ করেন স্থানীয় জমির মালিক আবুল হোসেন ও তার সহযোগীরা। এর ফলে জনসাধারণের চলাচলে বাঁধা সৃষ্টি হলে এলাকাবাসীরা রাস্তাটি সচল রাখার জন্য জমিটি কিনে নিতে চাইলেও দেয়াল নির্মাণকারী আবুল হোসেন জমি বিক্রি করবে না বলে জানায়।
