এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে ৩ ঘণ্টা বিক্ষোভ

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

এইচএসসি পরীক্ষা আরও দুইমাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন কিছু পরীক্ষার্থী। আজ রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে  বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ছে। এতে অনেক পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মূল ফটক বন্ধ করে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মন্নান ও মোহাম্মদ দিদারুল আলম। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী বাস্তবায়ন হবে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত