হানি ট্র্যাপ : ক্ষমতা ও প্রতারণার রাজনীতি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২৭ এএম

‘হানি ট্র্যাপ’ শব্দটি আজকাল শুধু গোয়েন্দা কাহিনিতে নয়, বরং বাস্তব রাজনীতিতেও গভীরভাবে প্রবেশ করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর গোপন অস্ত্র, মিডিয়ার স্ক্যান্ডাল হাইলাইট এবং সমাজে চরিত্র হননের শক্তিশালী কৌশল হিসেবে এর প্রয়োগ এখন আর কল্পনার বিষয় নয়। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার ক্ষমতাকেন্দ্র, এমনকি হলিউডের জনপ্রিয় সিনেমা সবখানে হানি ট্র্যাপ একটি গোপন যুদ্ধের ভাষা হয়ে উঠেছে। হানি ট্র্যাপ হলো একটি কৌশল, যেখানে কোনো ব্যক্তি, সাধারণত শারীরিকভাবে আকর্ষণীয়, প্রেম বা যৌনতাকে হাতিয়ার করে অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গোপন তথ্য দিতে প্রলুব্ধ করে, ব্ল্যাকমেইল করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, বা সমাজে হেয় করে তার অবস্থান দুর্বল করে।

বিশ্বরাজনীতির বাস্তব হানি ট্র্যাপ কাহিনি : রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB (পূর্বতন KGB) গোয়েন্দা ইতিহাসে ‘Kompromat’ শব্দটিকে একটি কৌশলগত অস্ত্রে পরিণত করেছে। ঋঝই (FSB (Federal Security Service of the Russian Federation) হলো রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যা KGB-এর (Committee for State Security) উত্তরসূরি। Kompromat  হলো রাশিয়ার গোয়েন্দা ও রাজনৈতিক সংস্কৃতিতে ব্যবহৃত একটি শব্দ, যার পূর্ণ রূপ : ‘Compromising Material’ অর্থাৎ এমন তথ্য, ছবি, ভিডিও বা প্রমাণ যা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে ব্যবহার করে তাকে হেয় করা, ব্ল্যাকমেইল করা, কিংবা নিয়ন্ত্রণে আনা যায়।  Kompromat বলতে বোঝায় এমন কোনো লজ্জাজনক তথ্য বা প্রমাণ, যা কাউকে রাজনৈতিকভাবে হেয়, সামাজিকভাবে নিঃশেষ বা ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণে আনার কাজে ব্যবহৃত হয়। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ‘Steele Dossier’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয়, তিনি মস্কোর একটি হোটেলে এক যৌনকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন এবং তা রেকর্ড করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা কখনো প্রমাণিত হয়নি, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত ছিল বিশ্ব জুড়ে। এটি ছিল ক্ল্যাসিক কোমপ্রোম্যাট কৌশলের একটি উদাহরণ, যেখানে সত্য-মিথ্যার ব্যবধান ধূসর, কিন্তু ফলাফল নিশ্চিত। রাশিয়ায় সাংবাদিক, বিরোধী নেতা, এমনকি বিদেশি বিনিয়োগকারীর বিরুদ্ধেও এই কৌশল প্রয়োগের অভিযোগ আছে। প্রাক্তন বিরোধী নেতা আলেক্সেই নাভালনির বিরুদ্ধেও একাধিক ‘অশ্লীল ভিডিও’ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

চীন ও কূটনৈতিক ফাঁদ : চীনের MSS (Ministry of State Security) বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের টার্গেট করে ফাঁদ পেতে থাকে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের বর্ণনায় দেখা যায়, চীনা গোয়েন্দারা বেইজিং ও সাংহাইয়ের পাঁচতারকা হোটেলে বিদেশি কূটনীতিকদের টার্গেট করে, যেখানে আকর্ষণীয় নারী এজেন্টের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা হয় এবং পরে সেই সম্পর্ক গোপনে রেকর্ড করে ব্ল্যাকমেইল বা তথ্য আহরণের কাজে ব্যবহৃত হয়। ২০১৫ সালে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি চীনা এক নারী ‘অ্যাডমিন সহকারী’-এর প্রেমে পড়ে গোপন নথি ফাঁস করেছেন। যদিও পরবর্তীকালে তদন্তে জটিলতা দেখা দেয়, কিন্তু ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারত : সেনাবাহিনী, WhatsApp ও ডিজিটাল প্রলোভন : ভারতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা  ISI  দীর্ঘদিন ধরে ‘হানি ট্র্যাপ অপারেশন’ পরিচালনা করছে বলে দাবি করে i RAW ও IB (Intelligence Bureau. ২০২০ সালে রাজস্থানের জয়সালমের সেনা ঘাঁটিতে কর্মরত এক হাবিলদার WhatsApp-এ এক ‘মডেল’ নারীর সঙ্গে কথোপকথনে ধীরে ধীরে সেনা গোপন তথ্য শেয়ার করেন। পরে তদন্তে জানা যায়, ওই প্রোফাইলটি একটি ISI পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট ছিল। ২০২১ সালে মুম্বাই পুলিশের কমিশনার জানান, অন্তত ৮ জন পুলিশ ও সেনা সদস্য ফেসবুক ও ইনস্টাগ্রামে অজ্ঞাত নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস করেছেন। ওই নারীরা ‘পুনে বা দিল্লির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ সেজে ফাঁদ পাততেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সামরিক ও আধা-সামরিক বাহিনীতে সোশ্যাল মিডিয়া আচরণবিধি কড়াকড়িভাবে চালু করেছে। পাকিস্তান : বিচারপতি, ফুটেজ ও রাজনৈতিক ব্ল্যাকমেইল : ২০১৯ সালে পাকিস্তানি বিচারপতি আরশাদ মালিকের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি দাবি করছেন যে, তাকে নওয়াজ শরিফের বিরোধীদের দ্বারা ব্ল্যাকমেইল করা হয়েছিল। এই ভিডিওটি দেশ জুড়ে আলোড়ন তোলে। পরে তিনি স্বীকার করেন, তার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ব্যবহার করে একটি পক্ষ তাকে চাপ দিয়েছিল নির্দিষ্ট রায় দেওয়ার জন্য। পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ‘গোপন ভিডিও ফাঁসের’ প্রবণতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অনেক সময় এসব ভিডিও হোটেল রুমে গোপন ক্যামেরায় ধারণ করা হয় এবং ব্যবহার করা হয় বিচারপতি, আমলা, এমনকি সেনা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে আনতে।

হানি ট্র্যাপে ইরান : ইরান-ইসরায়েল যুদ্ধে সর্বশেষ হানি ট্র্যাপের শিকার হচ্ছে ইরান। এরই মধ্যে এই ট্র্যাপে ইরানের সামরিক-বেসামরিক অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন। হয়তো আরও হবেন।

বাংলাদেশ : অডিও লিক, স্ক্যান্ডাল ও চরিত্র হননের কৌশল : বাংলাদেশে হানি ট্র্যাপের মতো কৌশল সরাসরি ‘জালিয়াতি’ নয়, বরং অনেক সময় রাজনৈতিক চরিত্র হননের জন্য বিকৃতভাবে ব্যবহার করা হয়। ২০২৩ সালে একাধিক বিরোধী রাজনৈতিক নেতা ও সাংবাদিকের ‘অডিও লিক’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে আপত্তিকর বা ব্যক্তিগত আলাপপ্রসঙ্গ শেয়ার করা হয়। অনেক সময় এই অডিওর সত্যতা যাচাই না করেই তা টকশো, পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ‘নৈতিকতার নামে লজ্জা’ রাজনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার। এমন সমাজে যেখানে নারীর সম্মান, পরিবারের মর্যাদা ও সামাজিক বিচারের ভয় বড় ফ্যাক্টর, সেখানে একটি অডিও ক্লিপ বা মিথ্যা ভিডিও কারও রাজনৈতিক ও সামাজিক মৃত্যু ঘটাতে পারে।

হলিউডের হানি ট্র্যাপ : চলচ্চিত্রের পর্দায় সত্যের প্রতিফলন Atomic Blonde (2017) : চার্লিজ থেরন অভিনীত লোরেইন ব্রটন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর একজন ঠাণ্ডা মাথার স্পাই। সিনেমার প্রেক্ষাপট ১৯৮৯ সালের বার্লিন সরাসরি বার্লিন প্রাচীর ভাঙার আগমুহূর্তে। লোরেইনকে পাঠানো হয় এক তালিকা উদ্ধারের মিশনে, যাতে গোয়েন্দাদের আসল পরিচয় রয়েছে। মিশনের সময় তার দেখা হয় এক ফরাসি নারী এজেন্ট ডেলফিনের সঙ্গে। দুজনের মধ্যে আকর্ষণ, সম্পর্ক ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরে জটিলতা ও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চলচ্চিত্রে বারবার বোঝানো হয় যে, বিশ্বাস করা যায় না কাউকে এবং প্রেম এমন এক ফাঁদ হতে পারে, যা শত্রুর চেয়ে বেশি ভয়ংকর। James Bond  সিরিজ : জেমস বন্ড, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর কাল্পনিক ‘Agent 007’’, তার অসাধারণ চেহারা, মার্জিত আচরণ এবং যৌন আকর্ষণ ব্যবহার করে গোয়েন্দাগিরি করেন। প্রত্যেক মুভিতেই বন্ড এমন এক বা একাধিক নারী চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান, যারা হয়তো কখনো সহায়তাকারী, কখনো প্রতারক। অনেক সময় তাদের মধ্যেই লুকিয়ে থাকে শত্রু বা দ্বৈত চর। উল্লেখযোগ্য হানি ট্র্যাপ ঘটনা ঘটে Casino Royale  (২০০৬) সিনেমায়, যেখানে বন্ড Vesper Lynd-এর প্রেমে পড়ে। পরে জানা যায়, Vespe তার পরিবারকে বাঁচানোর জন্য বন্ডকে প্রতারিত করতে বাধ্য হয়। তার আত্মহত্যা এবং বন্ডের ভাঙা মন পুরো সিরিজের এক মোড় পরিবর্তন করে। হলিউডের এই চলচ্চিত্রগুলো শুধু উত্তেজনাপূর্ণ বা গ্ল্যামারাস নয় এগুলো অনেক সময় বাস্তব গোয়েন্দা কর্মকাণ্ডের ভিত্তি ও ব্যাখ্যা দেয়। এই সিনেমাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই, কীভাবে হানি ট্র্যাপ শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং মানবিক দুর্বলতার জটিল শোষণ এবং কীভাবে ভালোবাসা ও বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে জাতীয় নিরাপত্তার হুমকি।

হানি ট্র্যাপ ও ব্যক্তির নৈতিক জবাবদিহি : ষড়যন্ত্র না ব্যক্তিগত বিচ্যুতি?

হানি ট্র্যাপ-সংক্রান্ত আলোচনায় প্রাথমিকভাবে লক্ষ্য থাকে প্রলোভন, ষড়যন্ত্র এবং অপর পক্ষের কৌশলগত সাফল্যের দিকে। কিন্তু বাস্তবতা আরও জটিল। কারণ, সব ক্ষেত্রেই যে ভুক্তভোগী ব্যক্তি কেবল ‘নিরীহ শিকার’ তা নয়। অনেক সময় তাদের মধ্যে নৈতিক স্খলন, সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা বা আত্মসংযমের অভাবও বড় ভূমিকা রাখে। সুতরাং হানি ট্র্যাপ কেবল একজন ব্যক্তির পতন নয়, বরং একটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নৈতিকতার ওপর অদৃশ্য আঘাত। হানি ট্র্যাপ-সংক্রান্ত প্রতিটি ঘটনার বিচার করতে গেলে শুধু ষড়যন্ত্র বা বিদেশি কৌশলের কথা বলে দায় এড়ানো যথেষ্ট নয়। এক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তির আচরণ, চারিত্রিক দৃঢ়তা এবং সামাজিক দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্রের ফাঁদে পড়ার আগে নিজেকে সংযত রাখতে না পারা বা অবস্থান ভুলে আকাক্সক্ষার কাছে আত্মসমর্পণ করাই অনেক সময় সর্বনাশ ডেকে আনে। তাই প্রতিটি হানি ট্র্যাপ কাহিনির মূল্যায়ন করতে গেলে প্রয়োজন হয় দ্বিমুখী বিশ্লেষণ বাহ্যিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ চারিত্রিক বিচ্যুতি উভয়ের। হানি ট্র্যাপ আজ আর শুধু সিনেমার কল্পকাহিনি নয় এটি রাজনীতির বাস্তব অস্ত্র। তথ্য ও প্রযুক্তির যুগে এই কৌশল আরও সহজতর এবং মারাত্মক হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার মতো সমাজে, যেখানে সম্মান ও লজ্জা বড় সামাজিক নিয়ন্ত্রক, সেখানেই এই কৌশলটি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহৃত হয়।

লেখক: সাংবাদিক ও চিকিৎসক 

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত