ভুটান লিগে আরও পাঁচ নারী ফুটবলার

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৯ এএম

ভুটান ওমেন্স লিগ যেন তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। চলমান লিগে এর মধ্যেই নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ফুটবলার। জানা গেছে, আরও পাঁচজন ফুটবলারের নতুন ঠিকানা হতে যাচ্ছে ভুটান লিগের দুই ক্লাবে। আগে থেকেই পারো এফসিতে খেলছেন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুসিমা সুমাইয়া। এ তালিকা নতুন করে যোগ হবে আরও তিন ফুটবলারের নাম। শিউলি আযিম, নিলুফার ইয়াসমিন নিলা ও বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ লিপি আক্তার। এ ছাড়া গত বছর এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে অংশ নেওয়া বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল থিম্পু কলেজ দলের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের দুই ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনের।

একটি সূত্র জানিয়েছে, এ দুই ফরোয়ার্ডকে রয়্যাল থিম্পু কলেজে খেলার ব্যাপারে সহায়তা করছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। এমনও শোনা গেছে মিয়ানমারে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পর ভুটানের ক্লাবটির দায়িত্ব নেবেন পিটার। অথচ কিছুদিন আগেই ভুটানের এই লিগ নিয়ে বাজেভাবে কটাক্ষ করেছিলেন বাংলাদেশের ব্রিটিশ কোচ। তখন সাবিনা প্রসঙ্গে তিনি নারী উইংয়ের চেয়ারম্যান  মাহফুজা কিরণকে টেনে বলেছিলেন,  ‘ওই লিগে মিস কিরণও গোল করতে পারবেন।’  বাংলাদেশের দায়িত্ব ছাড়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এই কোচের কাছে। তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। এমনকি বাইরে কোনো ক্লাবের প্রস্তাব আছে কি না, সেই প্রশ্নও এড়িয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত