ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্র এই খবর নিশ্চিত করেছে।
ইরান নিউজপেপারের খবরে বলা হয়েছে, গত সোমবার রাতের দিকে গিলান প্রদেশের আস্তানেহ আশরাফিয়া শহরে চালানো এক হামলায় তাকে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়। ইসরায়েল এই হামলার পেছনে রয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যমগুলো।
দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সেদ্দিকি সাবেরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগ এনে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গন থেকে শান্তির আহ্বান জোরালো হয়েছে। গত সোমবার এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই সংঘাত তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানান। একই দিনে ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী ব্যক্তিত্ব ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারা একটি যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের চলমান শত্রুতা বন্ধের জোরালো দাবি জানান।
এই সংঘাতের প্রভাবে ইরানের প্রতিবেশী পাকিস্তান সোমবার তাদের সব সীমান্ত পয়েন্ট কার্যত বন্ধ ঘোষণা করেছে। দেশটির প্রাদেশিক এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যানুসারে, গত সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে রওনা দিয়েছে রণতরিটি।
সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ফলে যুদ্ধবিরতির আশায় যে ক্ষণিক আশা তৈরি হয়েছিল, তা আবারও গভীর সংকটের মুখে পড়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি
আকাশসীমা খুলে দিল কুয়েত ও বাহরাইন