রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘মব’ সৃষ্টির সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘মব’ গঠন করে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। এমন ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া, ঘটনাস্থলে দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মামলাও করা হবে।
উল্লেখ্য, গত রবিবার উত্তরার বাসায় হানা দিয়ে কে এম নূরুল হুদাকে টেনেহিঁচড়ে বের করে এনে জুতার মালা পরিয়ে রাস্তায় অপমান করেন একদল লোক। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে লাথি মারা ও ডিম ছোড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঘটনার পর রাতেই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, এই হামলা বেআইনি ও ফৌজদারি অপরাধ। অভিযুক্ত ব্যক্তিকে হেনস্তা করে আইনের শাসন লঙ্ঘন করা হয়েছে। ‘মব’ গঠন করে এমন উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে রাজি নেতানিয়াহু
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় চীন