ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে রাজি নেতানিয়াহু

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:১৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে দাবি করার পর তার সাথে সম্মত হয়ে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদ প্রধানকে নিয়ে সোমবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, “ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের যেসব লক্ষ্য ছিলো তার চেয়েও বেশি অর্জিত হয়েছে”।

বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র- উভয় ক্ষেত্রের তাৎক্ষণিক হুমকি দূর করতে পেরেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, ইরানের সামরিক নেতৃত্বের গুরুতর ক্ষতি করেছে এবং ইরান সরকারের অসংখ্য কেন্দ্রীয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের লক্ষ্যগুলো অর্জন হওয়ার প্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল জোরালো প্রতিক্রিয়া দেখাবে বলেও হুঁশিয়ারী দেয়া হয় বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত