চীন সফররত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। বৈঠকে সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও জানিয়েছেন চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে এক বৈঠকে এ কথা জানান বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
চীন সফরের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব সে দেশে সফররত দলের কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় বাণিজ্য অসমতা দূর করতে আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান মির্জা ফখরুল।
অন্যদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়, তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন তারা।
গত সোমবার চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে শুরুতে দেশটির ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং চীনে সফররত বিএনপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে গত রবিবার রাতে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে বিএনপি প্রতিনিধিদলকে বিদায় জানান ঢাকার চীনের দূতাবাসের কর্মকর্তারা।
বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়–য়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পাঁচ দিনের এই সফরে তারা চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
