গাজীপুরের শ্রীপুরে পৌরসভার পক্ষ থেকে চলছি অর্থ বছরের শতকোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। চলতি ২০২৫ - ২০২৬ অর্থবছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।আজ বুধবার (২৫ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার হলরুমে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া অর্থ বরাদ্দ থেকে প্রাপ্ত ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাকী ৪৮ কোটি টাকার বেশি ব্যয় পৌরসভার অন্যান্য খাত থেকে আদায় করা হবে বলে জানান শ্রীপুর পৌরসভার প্রশাসক। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের নানান উন্নয়ন বাবদ পৌরসভার নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করার জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এ বাজেটে পৌরশহরের বিভিন্ন ওর্য়াডের রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি,বর্জ্যব্যবস্থাপনা ও নগর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাজেটের অর্থ ব্যয় করা হবে।
বাজেট অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরনির্বাহী কর্মকর্তা (সচিব) সিদ্দিকুর রহমান। বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আক্তার,সহকারী প্রকৌশলী তানভীর আলম, হারুন অর রশীদ, পানি ও পয়:নিষ্কাশন প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম।
