এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:০২ পিএম

একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে শর্তসাপেক্ষে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দীন আহমেদ বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এ প্রস্তাবে বিএনপি একমত প্রকাশ করেছে। এটা নিয়ে আপনারা সাংবাদিকেরা আগেই জানেন। নতুন করে আর কিছু জানানোর নেই। তবে সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগকে যদি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়, তবে সেটা আমরা সমর্থন করব না।

তিনি আরও বলেন, এক ব্যক্তির স্বৈরাচার দেখে নির্বাহী বিভাগকে সম্পূর্ণ ক্ষমতাহীন করে ফেলা সঠিক হবে না। বরং রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব ও জবাবদিহির ভারসাম্য নিশ্চিত করাটাই বেশি জরুরি। আগে যেটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ছিল, সেটিই আজ সাসনিক (সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি)। আমরা চাই এর সঙ্গে আরও কিছু মৌলিক বিষয় যুক্ত হোক।

গত রবিবার কমিশনের আলোচনায় একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন তা নিয়ে আলোচনা হয়। সেখানে বিএনপি, এনডিএম ও বিএলডিপি ছাড়া সব দলই প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার বিষয়ে একমত হয়। বুধবারের সংলাপে বিএনপির একমত বলে জানিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত