ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়া ওসিকে করা হলো এসআই

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:১৮ পিএম

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানাকে উপ -পরিদর্শক (এসআই) পদে পদাবনতি করা হয়েছে। পুলিশ বিভাগের শাস্তি স্বরূপ তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। 

পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে তাকে আক্কেলপুর থান থেকে প্রত্যাহার করা হয়েছে পুলিশ লাইনে নেওয়া হয়েছে । 

২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসাবে আক্কেলপুর থানায় যোগদান করেন। এরপর ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন মাসুদ রানা।
 
বুধবার (২৫ জুন) দুপুরে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকারি মুঠোফোনে করা হলে পরির্দশক ( তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি সাহেব জয়পুরহাটে বদলি হয়েছেন। তিনি মঙ্গলবার (২৪ জুন) এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।  

এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। নতুন কেউ ওসি হিসেবে যোগদান না করার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। 

জয়পুরহাট জেলা পুলিশের সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি করেছেন। 

পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে  এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি)  মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই বিভাগীয় মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা এ ব্যবস্থা নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত