নরসিংদীর রায়পুরায় কাঠবাগান থেকে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলাম জুয়েল উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জুয়েল বাংলাদেশ পুলিশে চাকরি করতো বর্তমানে চাকরিচ্যুত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার চান্দেরকান্দির দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ এবং নরসিংদী পিবিআইয়ের সদস্যরা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তদন্তের মাধ্যমে দ্রুতই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
জানাজার নামাজ নিয়ে বিতর্ক, কিশোরের ঘুষিতে প্রাণ গেল যুবকের
এক কাউয়া পালিয়ে গেছে, নতুন কাউয়ার আবির্ভাব হয়েছে: প্রিন্স