সামান্তা শারমিনের পদত্যাগ: ফেসবুকে মাহফুজ আলম ও তাসনিম জারার প্রতিক্রিয়া

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। তার পদত্যাগের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম ও তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। এদিন রাতেই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি সামান্তা শারমিনকে প্রসংশা করেন। 

তাসনিম জারা লিখেছেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তাকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। তিনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে তিনি থামেন। পুরোটা শোনেন। মানুষটাকে কখনো বুঝতে দেন না যে তার তাড়া আছে। মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাড়াতে।

তাসনিম জারা আরও লিখেছেন, ‘ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।’

পরে আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে সামান্তা শারমিনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম। তিনি তার ফেসবুকে লিখেছেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সেই দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিনকে নিয়ে একই কাণ্ড হলো।

লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি লিখেছেন, ‘সুতরাং, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নিরব থাকুন।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত