আরিচা-কাজিরহাট রুটে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রী উদ্ধার হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এএসআই আবুল কালাম দেশ রূপান্তকে বলেন, তলা ফেটে যাওয়া বোটের ১৮ জন যাত্রীকে অপর একটি ইঞ্জিন চালিত নৌকা এসে উদ্ধার করে। উদ্ধার হওয়া যাত্রীদের কাজিরহাট নৌ পুলিশের মাধ্যেমে পার্শ্ববর্তী চর থেকে গন্তব্যে পাঠানো হয়। প্রবল স্রোতে ভেসে যাওয়া স্পিডবোট প্রায় ৬ কিলোমিটার দূরে উপজেলার ঝড়িয়ারবাগ এলাকায় উদ্ধার হয়।
জানা গেছে, আরিচা থেকে বেলা ৩টার দিকে কাজিরহাটের জনৈক রহিজউদ্দিনের স্পিডবোটটি ১৮ জন যাত্রী নিয়ে রওনা দেয়। প্রায় ৫ কিলোমিটার দূরবর্তী গোয়ালন্দ উপজেলার দেওলিয়া মৌজাস্থ যমুনায় প্রবল স্রোতে ও ঢেউয়ের কারণে স্পিডবোটের তলা ফেটে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা দ্রুত এগিয়ে এসে ডুবন্ত স্পিডবোট থেকে সকল যাত্রীকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের কাজিরহাট নৌপুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
যাত্রী মাসুদ রানা বলেন, বোটের তলা ফেটে যাওয়ার ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ডুবন্ত বোটের যাত্রীদের মধ্যে ৫ বছর বয়সী সুরাইয়াকে তিনি উদ্ধারের আপ্রাণ চেষ্টার একপর্যায়ে একটি নৌকা আসলে তাতে সকলকে তুলে নেওয়া হয়।
বেড়া উপজেলার কাজিরহাট নৌ আইসি অরবীন্দ সরকার জানান, বেড়ার দক্ষিণ প্রান্তে স্পিডবোট দুর্ঘটনার খবরে দ্রুত পৌঁছে উদ্ধার হওয়া ১৮ জন যাত্রীকে গন্তব্যে পৌছে দেয়া হয়। স্পিডবোটটি দুর্ঘটনার ৬ কিলোমিটার দক্ষিণ থেকে উদ্ধার করা হয়েছে।
ফেসবুকের ভিডিও আয় নিয়ে যে দুঃসংবাদ দিল মেটা
চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, বাসা থেকে উদ্ধার ৩ ছাত্রী