আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
চলতি বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় রয়েছেন এক লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮২ হাজার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩।
নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর ব্যবস্থা
পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার দিন সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে সক্রিয় থাকবে। বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঢাকা বোর্ডের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জারি করা হয়েছে ৩৩ দফা নির্দেশনা। এর মধ্যে রয়েছে—প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক, তিন ফুট দূরত্বে বসা, প্রশ্নপত্র খোলার সময় নির্ধারিত সেট অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানো।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। ওএমআর শিটে সঠিক তথ্য লেখাসহ বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার এবং মোবাইল ফোন নিষিদ্ধ রাখার নির্দেশ রয়েছে। এমসিকিউ ও সৃজনশীল অংশে কোনো বিরতি থাকবে না।
তত্ত্বীয়, ব্যবহারিক ও এমসিকিউ—তিনটি অংশেই উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে।
তিনি বলেন, “পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়—এমন যেকোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।”
স্বাস্থ্যবিধি মানা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোস্টার লাগানোসহ অন্যান্য ব্যবস্থা বাস্তবায়নে বোর্ডগুলো কেন্দ্রভিত্তিক তদারকি করবে।
আজ শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের লাখো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশেই শেষ হবে ২০২৫ সালের এই পরীক্ষা।
প্রাধিকার কোটায় ফরম পূরণের শেষ সময় আজ